ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন। ঢাবি ক্যাম্পাস থেকে ছাত্রলীগ সমর্থিত নেতারা ১৩টি বাসে শনিবার (১৬ মার্চ) দুপুরে গণভবনের উদ্দেশে রওয়ানা হন। দুপুর সোয়া ৩টার দিকে ছাত্র নেতারা গণভবনে পৌঁছান।
ছাত্রলীগ সমর্থিত নেতারা একযোগে গেলেও ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর স্বতন্ত্র্যভাবে নির্বাচিত অন্য প্রার্থীদের নিয়ে মাইক্রোবাসে আলাদাভাবে গণভবনে যান। তাদের জন্য গণভবন থেকে দুটি গাড়ি পাঠানো হয়। সেই গাড়িতেই অনুসারী নেতাদের নিয়ে রওয়ানা হন ডাকসুর ভিপি।
ডাকসুর ভিপি, জিএস ও এজিএসস মোট নেতা ২৫ জন। আর প্রত্যেক হল সংসদের ১৩ জন করে ২৩৪ জন। ডাকসু ও হল সংসদের মোট ২৫৯ জন নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছেন।