পদ্মাসেতুর জাজিরা প্রান্তে বসানো হলো নবম স্প্যান ৬ডি। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে সেতুর ৩৪ ও ৩৫ নম্বর পিলারের বসানো হয়েছে এই নবম স্প্যানটি। এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ১৩৫০ মিটার।
এর আগে গতকাল (২১ মার্চ) বৃহস্পতিবার পদ্মাসেতুর নবম স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে শেষ পর্যন্ত তা বসানো সম্ভব হয়নি। তবে, স্প্যানটি পিলারের একেবারে কাছাকাছিই নিয়ে রাখা হয়েছিল।
সেতু নির্মাণকারী চায়না মেজর ব্রিজ এর প্রকৌশলীরা এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছিলেন, শুক্রবার (২২ মার্চ) স্প্যানটি পিলারের উপর বসানো হবে।
এর আগে বুধবার (২০ মার্চ) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি শরিয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই পিলারের ওপর নবম স্প্যান বসানোর কাজ শুরু হয়। কিন্তু বেলা সোয়া ১১টার দিকে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় স্প্যান বসানোর প্রক্রিয়া স্থগিত করা হয়।
নবম স্প্যানটি লম্বায় ১৫০ মিটার। কুমারভোগ স্টক ইয়ার্ডের জেটি থেকে ৩৬শ টন ওজন ক্ষমতাসম্পন্ন ক্রেনবাহী জাহাজ তিয়ান-ই স্প্যানটি বুধবার জাজিরা নিয়ে যায়।