ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নুরুল হক নুর।
আজ শনিবার (২৩ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠেয় নবনির্বাচিত ডাকসুর কার্যকরী সভায় যোগ দেবেন তিনি। মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নুর এ ঘোষণা দেন।
নুরুল হক নুর বলেন, শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে ডাকসুর কার্যকরী সভায় আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব।পুনরায় র্নিবাচনের দাবিসহ শিক্ষার্থীদের অন্য যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করতে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম চলবে। পুনর্নির্বাচনের চাওয়া আমাদের বরাবরের মতোই রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম এবং ডাকসু নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে আন্দোলনকে আরো বেগবান করতে আমরা দায়িত্ব নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের যেসব অঙ্গসংগঠন বা কথা বলার জায়গা রয়েছে, সেসব জায়গায় অনিয়ম নিয়ে কথা বলতেই আমরা দায়িত্ব নিচ্ছি।
শিক্ষার্থীদের সম্মতিক্রমে দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে নবনির্বাচিত ডাকসু ভিপি বলেন, দায়িত্ব গ্রহণের যে সিদ্ধান্ত সেটা আমরা ঢাকা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করেই নিয়েছি। তারা মনে করে, আমরাও মনে করি যে পুনর্নির্বাচনের জন্য দায়িত্ব নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া উচিত এবং আমি সেটা করব।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হল আর বিজয় একাত্তর হল ছাড়া অন্য হলগুলো প্রশাসন যেন ক্ষমতাসীন ছাত্রসংগঠনের কাছে ইজারা দিয়েছে। কোনো শিক্ষার্থীকে জোর করে মিছিল-মিটিং করানো যাবে না এবং রাজনৈতিক বিবেচনায় কাউকে হলে সিট দেয়া যাবে না।
দায়িত্ব নিয়ে পুনর্নির্বাচনের দাবি স্ববিরোধী কিনা—এমন এক প্রশ্নের জবাবে নুর বলেন, ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণা মানেই হলো এই নির্বাচনটা এক্সিস্টিং আছে। সেই জায়গা থেকে আরেকটা নির্বাচন না হওয়া পর্যন্ত তো এই কমিটি থাকবে। সেক্ষেত্রে আরেকটা নির্বাচন না হওয়া পর্যন্ত তো শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে হবে। যেহেতু ২৮ বছর পর নির্বাচন হয়েছে, আমরা চাই না যে এই প্রক্রিয়াটা থেমে থাকুক। আমরা চাই, এই প্রক্রিয়া অব্যাহত থাকুক।
তিনি আরো বলেন, দায়িত্ব নিয়ে আন্দোলন-সংগ্রাম করতে হবে। দায়িত্ব থেকে সরে যাওয়া মানে অসৎ ও অশুভ শক্তিকে সুযোগ করে দেয়া। সেই জায়গা থেকে আমরা বলব যে দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বশীল কথা বলতে হবে।
গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলের প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত নুরুল হকের পাশাপাশি আজ দায়িত্ব নেবেন একই প্যানেল থেকে বিজয়ী ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ডাকসুতে নির্বাচিত নুরুল হক ও আখতার হোসেনের দায়িত্ব গ্রহণের ব্যাপারে আমাদের সংগঠন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সাধারণ শিক্ষার্থীর ম্যান্ডেটকে প্রাধান্য দিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলে ডাকসুর জিএস প্রার্থী রাশেদ খান সংবাদ সম্মেলনে বলেন, আমরা সর্বত্র সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা মতামত দিয়েছে যে নুর ভাই যদি দায়িত্ব নেন, তাহলে তিনি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে পারবেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা চাচ্ছে যে নুর ভাই দায়িত্ব নিয়ে গণরুম, গেস্টরুম ও হলে হলে যে শিক্ষার্থী নির্যাতন হচ্ছে সেসবের বিরুদ্ধে অবস্থান নেবেন এবং পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলনরত প্রতিটি সংগঠনের সঙ্গে একাত্মতা পোষণ করবেন।