প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার যেমন কঠোর ছিল তেমনি মাদকের বিরুদ্ধেও কঠোর। প্রধানমন্ত্রী বলেন, ‘যেভাবে গোটা সমাজ মিলে জঙ্গিবাদ দমন করেছি সেভাবেই মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। মাদকের সাথে সম্পর্কিত সবার বিরুদ্ধেই এই অভিযাত্রা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলায় র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের বুকে দৃষ্টান্ত রাখতে পেরেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই কাজে সব বাহিনীর মধ্যে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। সবাই সমন্বিতভাবে কাজ করেছেন। পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা সৃষ্টির জন্য্ও সরকার নানা পদক্ষেপ নিয়েছে। স্কুলে, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দির, গির্জাসহ সমাজের বিশিষ্টজনকে এই সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। এর ফলে জঙ্গিবাদ দমনে সফলতা এসেছে।
বাংলাদেশের মানুষের জীবন শান্তিপূর্ণ করতে চান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ যেন সুন্দর পরিবেশে বাস করতে পারে সে লক্ষ্যেই কাজ করছে তার সরকার।