র্যাব সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জনগণের কল্যানে কাজ করতে হবে। আপনারা সবাই বিভিন্ন বাহিনী থেকে এসেছেন, বিভিন্ন পরিবার থেকে এসেছেন। কাজেই দেশের আর্থসামাজিক উন্নতি হলে এর সুফল কিন্তু প্রত্যেকের পরিবারের সদস্যরা পাবেন। গ্রামের মানুষের ভাগ্য উন্নত হবে।’
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলায় র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন সে দিকে লক্ষ্য রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন প্রয়োগের সময় মানবাধিকারের বিষয়টা মাথায় রাখতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশ জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের বুকে দৃষ্টান্ত রাখতে পেরেছে। এই কাজে সব বাহিনীর মধ্যে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। সবাই সমন্বিতভাবে কাজ করেছেন। পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা সৃষ্টির জন্য্ও সরকার নানা পদক্ষেপ নিয়েছে। স্কুলে, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দির, গির্জাসহ সমাজের বিশিষ্টজনকে এই সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। এর ফলে জঙ্গিবাদ দমনে সফলতা এসেছে।
বাংলাদেশের মানুষের জীবন শান্তিপূর্ণ করতে চান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ যেন সুন্দর পরিবেশে বাস করতে পারে সে লক্ষ্যেই কাজ করছে তার সরকার।