২০১৯-২০ অর্থবছরের বাজেট আগামী ১৩ জুন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে নতুন ভ্যাট আইন নিয়ে এক মতবিনিময়সভায় তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ভ্যাট আইন-২০১২ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপাচাপিতে করা হয়েছিল। কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার তা বাস্তবায়ন করা হবে। কেননা রাজস্ব আদায় বাড়াতে হলে এর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, যে কোনো দেশের ট্যাক্স জিডিপি রেশিও ১৫ থেকে ১৬ শতাংশ। অথচ আমাদের ১০ শতাংশ। এ জন্য সবাইকে ভ্যাট দিতে হবে। তা হলে রাজস্ব আদায় বাড়বে।
মুস্তফা কামাল আরও বলেন, ভ্যাট আইন কার্যকর হবে নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই । এতে ভ্যাটের স্তর হবে তিনটি। যাকে বহুস্তর ভ্যাট ব্যবস্থা বলা হয়। এতে ব্যবসায়ীরাও সম্মতি দিয়েছেন। আইনে ভ্যাটের স্তরগুলো হবে ৫, সাড়ে ৭ ও ১০ শতাংশ।
এসময় অর্থমন্ত্রী বলেন, কাউকে কষ্ট দিয়ে ভ্যাট কিংবা রাজস্ব আদায় করা হবে না। কোনো ব্যবসায়ীকে ভ্যাটের জন্য হয়রানি করা হবে না। কেননা বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থসচিব আবদুর রউফ তালুকদার, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা ।