পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার (টিন) বাধ্যতামূলক করা হচ্ছে না। তবে দেশের বিমা শিল্প বিকাশে আর এর সুনাম রক্ষা করার জন্য টিন বাধ্যতামূলক করার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
গতকাল মঙ্গলবার এনবিআর এর বাজেট আলোচনায় তিনি এ অনুরোধ জানান। আলোচনার এক ফাঁকে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) বলেন আপনাদের টিনের বিষয়ে চিন্তা ভবনা কি।
এসময় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এ এম মাজেদুর রহমান বলেন, আমাদের টিনের অপশনটি আছে। বিনিয়োগকারীরা সেটা মেনটেইন করে। এটাকেই ভুল ভাবে ব্যাখা করে বাধ্যতামূলক করার বিষয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। তবে বিষয়টি সত্য নয়। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য টিন বাধ্যতামূলক করা হচ্ছে না।
এ বিষয়ে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন সানবিডিকে বলেন, গতকাল আমাদের সাথে এনবিআরের যে বৈঠক হয়েছে। সেখানে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী বাজেটে সেটার ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা আশা করছি। তবে টিনের ব্যাপারে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি আমরা আগে থেকেই মেইনটেইন করি। এটা নতুন কিছু নয়। কোন কিছুই বাধ্যতামূলক করা হচ্ছে না।
সান বিডি/এসকেএস