প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেছেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
শনিবার সকাল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে তাদের মধ্যে এই বৈঠক হয় ।প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, আজ সকাল দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়।
আলোচনা শেষে উভয়ের উপস্থিতিতে ঢাকা ও থিম্পুর মধ্যে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।যথা স্বাস্থ্য, কৃষি, জাহাজ চলাচল, পর্যটন এবং জনপ্রশাসন প্রশিক্ষণ বিষয়ে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদারে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
এর আগে সকাল ১০টার কয়েক মিনিট আগে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এ সময় তাকে স্বাগত জানান শেখ হাসিনা।
এদিকে, শনিবার সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত নৈশভোজে যোগ দিবেন তিনি।
আগামীকাল রোববার বাংলা নববর্ষের প্রথম দিনে লোটে শেরিং রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা আয়োজিত বর্ষবরণের সাংস্কৃতিক আয়োজনে যোগ দেবেন। একই দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনীতে যোগ দিয়ে ভাষণ দিবেন তিনি। সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রীর আগামী সোমবার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে।