রমজান আসলেই পণ্যের দাম বেড়ে যায়। এবার চাহিদার তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য অনেক বেশি মজুত রয়েছে, তাই আসন্ন রমজানে পণ্যের দাম বাড়ানোর কোনও অজুহাত সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়েরর সম্মেলন কক্ষে আসন্ন রমজান নিয়ে প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন রমজানে বাজার নিয়ন্ত্রনে রাখতে ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুর টিসিবির মাধ্যমে শিগগিরই বিক্রি করা শুরু হবে। আমাদের ধারণা, রমজানে পণ্যের দাম তেমন বাড়বে না। কারণ মজুতসহ সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। আমাদের কাছে যা রিপোর্ট আছে তাতে প্রয়োজনের তুলনায় নিত্যপণ্যের মজুত অনেক বেশি।
তবে চিনিতে হয়তো এক-দুই টাকা বাড়তে পারে। কারণ চিনির উৎপাদন খরচ বেড়েছে। তাও নিয়ন্ত্রনে রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে ।
বাজার মনিটরিংয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘মনিটরিংয়ের সব ব্যবস্থা গ্রহণ করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ও বাজার মনিটর করবে। কোনো ব্যবসায়ী রমজানকে কেন্দ্র করে সুযোগ নিচ্ছে কি না সে বিষয়টি আমরা নজরদারিতে রাখছি। সার্বিকভাবে আমরা পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি।’
বৈঠক শেষে টিপু মুনশি বলেন, রমজানে এবার পণ্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর মনিটরিং করা হবে। কোনও অজুহাতেই কাউকে জিনিসপত্রের দাম বাড়ানোর সুযোগ দেয়া হবে না। কঠোর হাতে দমন করা হবে।
তিনি আরও বলেন, এবার চাঁদাবাজির ব্যাপারেও আমরা কঠোর প্রদক্ষেপ নিচ্ছি।পণ্য আনা-নেয়ার রাস্তায় যেনো কোনো ধরনের চাঁদাবাজি না হয় সে জন্য সংশ্লিষ্টদের শিগগিরই চিঠি দেয়া হবে ।
সানবিডি/ এমএফইউ