জরুরি ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১৯ ১০:২২:৫২


আগামী মে মাসের শুরুর দিকে জরুরি এক সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।

জানা গেছে, ভারতের চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই এ সফরের জন্য ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে নয়াদিল্লি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করতে চেয়েছেন বিজয় কেশব গোখলে। তবে, ঠিক কী কারণে তার এ সফর সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে। এরই মধ্যে দেশটির পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অবশ্যই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা ।

২০১৮ সালের জানুয়ারিতে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়ে বিজয় গোখলে গত বছরের এপ্রিলে বাংলাদেশ সফর করেন।