পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য স্টেকহোল্ডারদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের জোড় দাবি জানিয়েছে বিনিয়োগকারীরা। এর মাধ্যমে বাজারের প্রকৃত অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করতে চান তারা।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভে বিনিয়োগকারীরা এ দাবি জানান।
বিনিয়োগকারীরা অভিযোগ করে বলেন, বাজারে বর্তমানে যে দুর্দশা চলছে এবং কেন বাজার এমন অবস্থায় রয়েছে সেগুলো প্রধানমন্ত্রীকে সঠিকভাবে জানানো হচ্ছে না। সে জন্যই তারা স্টেকহোল্ডারদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের দাবি জানিয়েছেন।
এসময় বিনিয়োগকারীরা বলেন, গত ২২ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাথে অর্থমন্ত্রী যে বৈঠক করেছেন তা পুঁজিবাজারের স্বার্থে করা হয়নি। এ জন্য তারা স্টেকহোল্ডারদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক দাবি করেন।
বিনিয়োগকারীরা আরো বলেন, বৈঠক নিয়ে আমাদের মধ্যে প্রত্যাশা তৈরী হয়েছিল। অর্থমন্ত্রী বাজারের উত্থানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। কিন্তু তার কিছুই হয়নি। উল্টো অর্থমন্ত্রীর বৈঠকের পর মঙ্গলবারের মতো বুধবারও পতন হয়েছে পুঁজিবাজারে।
পুঁজিবাজারের অস্বাভাবিক এবং অব্যাহত পতনের প্রতিবাদে ২ সপ্তাহ ধরে রাস্তায় বিক্ষোভ করছেন সাধারণ বিনিয়োগকারীরা।
সান বিডি/এসকেএস