শ্রীলংকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৭ ১০:০৭:৫৩


শ্রীলংকার পূর্বাঞ্চল এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালীন সময়ে কোণঠাসা হয়ে পড়ায় আত্মঘাতী বোমা হামলাকারীরা নিজেদের উড়িয়ে দিলে ছয়টি শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে কালমুনাই শহরের কাছে ইসলামপন্থীদের একটি নিরাপদ বাড়িতে তিনজন ব্যক্তি বিস্ফোরণ ঘটালে অন্যতিন নারী ও ছয় শিশু নিহত হন।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এছাড়াও তিন ব্যক্তির মরদেহ বাইরে পড়ে থাকতে দেখা গেছে। তারাও আত্মঘাতী বলে ধারনা করা হচ্ছে।এর আগে রোববার তিনটি হোটেল ও তিনটি গির্জায় একযোগে বিস্ফোরণে ২৫৩ জন নিহত ও পাঁচশতাধিক আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোর করতে ইতিমধ্যে ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

এদিকে শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপলা সিরিসেনা বলেছেন, রোববারের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তারা ১৪০ সন্দেহভাজনকে খুঁজছেন। এ হামলায় ২৫৩ জন নিহত ও পাঁচশতাধিক আহত হয়েছেন।

শুক্রবার কলম্বোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে আইএসের তৎপরতা পুরোপুরি নিয়ন্ত্রণ করার সক্ষমতা শ্রীলংকার রয়েছে।

এ হামলার ঘটনায় দেশটির মুসলমানদের যাতে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা না হয়, দেশবাসীর কাছে সেই আহ্বানও তিনি জানিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, বেশ কয়েক জন শ্রীলংকান যুবক ২০১৩ সাল থেকে সন্ত্রাসী তৎপরতায় জড়িত। কিন্তু এই আসন্ন হামলা নিয়ে প্রতিরক্ষা ও পুলিশ প্রধান তাকে অবগত করেননি।

এই বিস্ফোরণে মূল ভূমিকা রাখা হাশেম সাংগ্রি লা হোটেলে হামলার সময় নিহত হয়েছেন বলে জানান লংকান প্রেসিডেন্ট।

তিনি বলেন, দেশটির বিলাসবহুল হোটেলে সঙ্গী ইলহামকে সঙ্গে নিয়ে হামলা চালিয়েছেন হাশেম। সিসিটিভির ফুটেজ ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি এসব কথা বলেন।

হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক এস্টেট।