জাপানের সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগের একদিন পর এবার সেই জায়গায় স্থলাভিষিক্ত হলেন তার ছেলে নারুহিতো।
আনুষ্ঠানিকভাবে মাঝরাতে সম্রাট হলেও বুধবার সকালে সাদামাটা ও গভীর প্রতীকী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিংহাসনের উত্তরাধিকারী হলেন তিনি।-খবর বিবিসির।
বুধবার সকালে সূর্যের দেখা মেলার পর টোকিওর রাজপ্রাসাদে আনুষ্ঠানিকতা শুরু হয়। চতুর্দশ শতকের সাম্রাজ্যিক যুগের ধারাবাহিকতা রক্ষার মধ্য দিয়ে ৫৯ বছর বয়সী নারুহিতো হলেন দেশটির ১২৬তম সম্রাট।
জাপানের সম্রাটের রাজনৈতিক কোনো ক্ষমতা নেই, কিন্তু তিনি জাতীয় প্রতীক হিসেবে ভূমিকা পালন করেন।
এর মধ্য দিয়ে জাপানের রাজপরিবারের ২০০ বছরের ঐতিহ্যে ছেদ পড়লো। আকিহিতোই প্রথম সম্রাট যিনি স্বেচ্ছায় সিংহাসন ছাড়েন।
সিংহাসনে আরোহনের পর নারুহিতো বলেন, শপথ করছি যে সংবিধান অনুসারে পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে আমি আমার সব কাজ করে যাব। আমি মানুষের সুখ ও শান্তি কামনা করছি। এছাড়া বিশ্ব শান্তির পাশাপাশি দেশের উন্নয়ন প্রার্থনা করছি।