স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন কোনো হামলার ঘটলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমেরিকাভিত্তিক সাইট ইন্টেলিজেন্স নামক ওয়েবসাইট থেকে আইএস দায় স্বীকার করে। এটি একটি ষড়যন্ত্র।
আজ বুধবার(১ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলে লায়ন জেলা ৩১৫ বি/১ বাংলাদেশের ২৩তম বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, অতীতের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে পারি, কোনো দুর্ঘটনা ঘটলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমেরিকাভিত্তিক সাইট ইন্টেলিজেন্স নামক ওয়েবসাইট থেকে আইএস দায় স্বীকার করে। এটি একটি ষড়যন্ত্র। যে যতোই ষড়যন্ত্র করুক বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান নেই। বাংলাদেশের মানুষ কখনো সন্ত্রাসকে পছন্দ করে না, কোনোদিন জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেয় না।
গত সোমবার রাতে গুলিস্তানে বোমা হামলা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দুই আহত পুলিশ সদস্য শঙ্কামুক্ত, তারা আজ বাড়ি ফিরবেন। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট দক্ষ। তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসবে এবং সব কিছু উদঘাটন করবে।