রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিকুল বিশ্বাসকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল আল বাহারের ছোট ভাই। বুধবার (১ মে) দিবাগত রাতে সরিষা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে পিকুল বিশ্বাস সরিষা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তার গতি রোধ করে গুলি করে ও কুপিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আহসান উল্লাহ জানান, কে বা করা পিকুল বিশ্বাসকে হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।