বাংলাদেশে আইএস নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই। এটি আন্তর্জাতিক চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ। দেশে পথ হারানো কিছু বিপথগামী মানুষ এই সংগঠনটির নাম ব্যবহার করে হিরো সাজার চেষ্টা করছে। বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দফতরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রীলঙ্কাতে সিরিজ বোমা হামলার পর বাংলাদেশ সরকার জঙ্গি হামলার বিষয়ে সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কাজ করছে। অতীতে আমরা জঙ্গি দমনে সফল হয়েছি। বাংলাদেশের জনগণ এসব জঙ্গিকে আশ্রয় প্রশয় দেয় না।
মাদক ব্যবসায়ীদেরে উদ্দেশে তিনি বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে যারা আত্মসমপর্ণ করবেন তাদের প্রতি সহনশীল হবো। আর যারা আত্মসমপর্ণ করবেন না তাদের কঠোরভাবে দমন করা হবে।