মুন্সীগঞ্জ সদরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. সুজন মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ১১টি মাদক মামলার আসামি। এই বন্দুকযুদ্ধের ঘটনায় মহসিন নামে এক পুলিশ সদস্য আহত হয়।
সোমবার (৬ মে) মধ্যরাতে রামশিং এলাকায় বন্দুকযুদ্ধে এই নিহতের ঘটনা ঘটে। সে গোবিন্দনগর বাশতলা রিকাবীবাজার এলাকার বাসিন্দা।
র্যাবের-১১ এর পুলিশ সুপার এনায়েত মান্নান জানান, রামশিং এলাকায় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার আসামি সুজন ও তার সঙ্গীরা গুলি ছোড়ে। এরপর উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শেষে সুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ কন্সটেবল মহসিন আহত হন।
তিনি আরও জানান, এসময় একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, এক হাজার ৫০ পিস ইয়াবা, নগদ দেড় হাজার টাকা জব্দ করা হয়। নিহতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আছে।