পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকার ২৬টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে।
কোরবানির পশুর চাহিদা মেটাতে স্থায়ী পশুর হাট গাবতলী ছাড়াও প্রতি বছর বসে বেশকিছু অস্থায়ী হাট। রাজধানীবাসীর চাহিদার কথা মাথায় রেখে বিপুলসংখ্যক কোরবানির পশু আমদানি হয় এসব হাটে। খামারিরাও একটু বেশি লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির জন্য প্রস্তুত পশুগুলো রাজধানীতে নিয়ে আসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ১৪টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার ১২টি স্থানে হাট বসাতে দরপত্র আহ্বান করা হয়েছে।
হাটের ইজারার জন্য দরপত্র আহ্বানের পর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪টির মধ্যে ১১টির ইজারা পাওয়া গেছে। বাকি হাটগুলোর কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় পুনঃদরপত্র আহ্বান করা হবে বলে জানা গেছে। অন্যদিকে উত্তর সিটির হাটগুলোর মধ্যে যেগুলোর কাঙ্ক্ষিত মূল্য পাওয়া যাবে না সেগুলোরও পুনঃদরপত্র আহ্বান করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় যেসব হাট বসবে: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় হাট বসবে মোট ১৪টি। এগুলোর মধ্যে রয়েছে- ধূপখোলা মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা; ৪১ নম্বর ওয়ার্ডের কাউয়ারটেক মাঠসংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা; আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা; দাওকান্দি ইন্দুলিয়া ভাগাপুরনগর (আফতাবনগর ইস্টার্ন হাউজিং মেরাদিয়া মৌজার সেকশন-১ ও ২) লোহারপুলের পূর্ব অংশ এবং খোলা মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা; উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা; শ্যামপুর বালুর মাঠসহ আশপাশের এলাকার খালি জায়গা; মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের এলাকার খালি জায়গা; ৩২ নম্বর ওয়ার্ডের সামসাবাদ মাঠসংলগ্ন আশপাশের এলাকার খালি জায়গা; জিগাতলা হাজারীবাগ মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা; লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা; কামরাঙ্গীরচর চেয়ারম্যানের বাড়ির মোড় হতে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠসহ আশপাশের খালি জায়গা, লিটিল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা এবং শনির আখড়া-দনিয়া মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা।