পানিসম্পদ উপমন্ত্রী এ এম এনামুল হক শামীম বলেছেন, যে কোনো মূল্যে মেঘনার ভাঙন থেকে চাঁদপুরকে রক্ষা করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেগা প্রকল্পের আওতায় চাঁদপুর ও হাইমচর উপজেলা স্থায়ীভাবে রক্ষাকল্পে ১১শ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্প একনেকে পাস হওয়ার পরে চলতি বছরের মধ্যেই কাজ শুরু করা হবে।
আজ সোমবার (৫ আগস্ট) চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরান বাজার হরিসভা এলাকা পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, ১১শ কোটি টাকায় প্রকল্প বাস্তবায়ন করা না গেলে প্রয়োজনে এ প্রকল্পে ১৫শ কোটি টাকা ব্যয় করা হবে।
এ সময় জনতার দাবির প্রেক্ষিতে প্রকল্পের কাজটি যাতে সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করা হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।
মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী (ডিজাইন) মোতাহার হোসেন ও প্রধান প্রকৌশলী (কুমিল্লা অঞ্চল) জহির উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
এ সময় ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিক দুই বান্ডিল টিন ও নগদ ৬ হাজার টাকা বরাদ্দের ঘোষণা দেন পানিসম্পদ উপমন্ত্রী।