ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ রাজনীতিবিদ সুষমা স্বরাজ আর নেই। মঙ্গলবার (৬ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এক দিকে দেশজুড়ে সন্ত্রাসবাদ-জঙ্গি অনুপ্রবেশ, পাকিস্তানের সঙ্গে তর্ক-বিতর্ক, অপর দিকে কাশ্মীর ইস্যুতে সংবিধানের ৩৭০ ধারা বাতিল। যা নিয়ে গোটা দেশের যখন রাজনৈতিক তথা সামগ্রিক পরিস্থিতি উত্তপ্ত, তারই মাঝে ভীষণ মর্মান্তিক খবর।
এর আগে একই দিন রাত ৯টা নাগাদ সুষমা স্বরাজ তার বুকে ব্যথা অনুভব করেন। পরে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে তাকে ভর্তি করা হলে তাৎক্ষণিক ইমারজেন্সিতে নেওয়া হয় সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীকে। যদিও শেষ রক্ষা আর হলো না তার। কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এ দিকে ভারতের নিয়ন্ত্রিত ভূস্বর্গ খ্যাত রাজ্য কাশ্মীরের জনগণের 'স্পেশাল স্ট্যাটাস' বা বিশেষ মর্যাদা প্রদানের জন্য সংবিধানের ৩৭০ ধারাটি বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সোমবার (৫ আগস্ট) স্থানীয় সময় সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি পার্লামেন্টে উত্থাপন করলে বিজেপি সাংসদের ভোটে এক চ্যাটিয়াভাবে পাশ হয় ঐতিহাসিক এ বিল।