রাজধানীর শ্যামলীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে আলিফ অ্যাপারেলস নামে একটি গার্মেন্টের কর্মীরা। শ্রমিকরা জানান, নোটিশ ছাড়া প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। তাই তারা সড়কে অবরোধ করেছেন। বুধবার সকাল ১০ টা থেকে এ অবরোধ শুরু হয়।
শ্রমিকরা জানান, গত ১১ আগস্ট তারা ঈদের ছুটিতে যান। ঈদের ছুটি কাটিয়ে আজ গার্মেন্টস খোলার কথা ছিল। সকালে এসে তারা গার্মেন্টের গেটে তালা দেখতে পান। এছাড়া গেটে পুলিশ অবস্থান নিয়েছে। আজ থেকে গার্মেন্ট বন্ধ এমন একটি নোটিশ গেটে টাঙ্গিয়ে দেয়া হয়।
এরপরই সড়ক অবরোধ করে শ্রমিকরা। অবরোধের ফলে শ্যামলী থেকে কল্যাণপুরের সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে পুলিশ ।
এদিকে অবরোধের বিষয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আমাদের না জানিয়ে সকালে গার্মেন্ট বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের অন্তত একবার জানাতে পারতো। আমরা বেতন পাইনি, গার্মেন্টের গেটের সামনে ২ ঘণ্টা ধরে বসা। কেউ কোন কথা বলে না। কেউ কোন সমাধান দিতে না পাড়ায় আমরা রাস্তায় অবস্থান নিয়েছি।
বিজিএমইএ’র বিধান অনুযায়ী একটি গার্মেন্ট বন্ধের তিন মাস আগে শ্রমিকদের অবহিত করে তাদের পাওনা পরিশোধ করতে হয়। বেতন-বোনাসসহ পাওনা টাকা দিতে হয়। এই দাবি নিয়ে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।