ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আগস্ট মাসে সরকারের রাজস্ব আদায় কমেছে ৫৭ শতাংশ। লেনদেনের মন্দাবস্থার কারনে সরকারের রাজস্ব আদায়ে এই ভাঁটা পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি বছরের আগস্ট মাসে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৮ কোটি ৩৩ লাখ টাকা। যার পরিমাণ জুলাই মাসে ছিল ১৯ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে রাজস্ব আদায় কমেছে ১১ কোটি ১৭ লাখ টাকা বা ৫৭ শতাংশ।
চলতি বছরের আগস্টে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ৭ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ৯৩ লাখ টাকা। এ হিসাবে আগস্ট মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৮ কোটি ৩৩ লাখ টাকা।
অন্যদিকে আগের মাসে অর্থাৎ জুলাইয়ে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ৮ কোটি ৯৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ১০ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে জুলাই মাসে মোট রাজস্ব আদায় হয় ১৯ কোটি ৫০ লাখ টাকা।
সান বিডি/এসকেএস