বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা যেখানেই জিয়াউর রহমানকে নিয়ে আলোচনা করবো, সেখানেই আওয়ামী লীগ ব্যর্থ; বিএনপি সফল। তাই তারা জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে দিতে চায়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। যেহেতু গণতন্ত্র আওয়ামী লীগের পছন্দ নয়, সেজন্যই নেত্রীকে কারাগারে রাখা হয়েছে।
শনিবার (০৭ সেপ্টেম্বর ২০১৯ইং) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র ও শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ সারা জীবনের জন্য ভোটের রাজনীতি থেকে বিদায় নিয়েছে। ফলে জনগণের কাছে ভোট চাওয়ার মুখ তাদের আর নেই। এটাই ইতিহাসে সত্য, যা মুছে দেওয়া যাবে না।
‘তারা মনে করেছিল নেত্রীকে কারাগারে রাখলে আমরা একাদশ জাতীয় নির্বাচনে যাব না। তারপরও আমরা নির্বাচনে গেলাম। সেই অবস্থায় দেশের ৮০ ভাগ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেজন্যই তারা ২৯ ডিসেম্বর রাতে ভোট কারচুপি করেছিল।’
‘বিএনপি ভোটের রাজনীতি থেকে হারিয়ে গেছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ সারা জীবনের জন্য ভোটের রাজনীতি থেকে বিদায় নিয়ছে। আজ তারা এদেশে নেতৃত্ব দিচ্ছে ভোট ছাড়া? গায়ের জোড়ে? অস্বাভাবিক একটা সরকার। অস্বাভাবিক না হলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশের মতো দুর্নীতি হতো না। এখন তো সেই বালিশকেও হার মানিয়েছে মেডিক্যালের এক সেট পর্দা। এক সেট পর্দার দাম ৩৭ লাখ টাকারও বেশি। এটার কারণ সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই।
বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের প্রধান সমন্বয়কারী হুমায়ূন কবির বেপারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে ব্যাংকের মাধ্যমে লুট করেছে। কিন্তু এর কোনো বিচার নেই। খেলাপি ঋণ বাড়ছে, তারপরও তাদের আরও সুযোগ দেওয়া হচ্ছে। যারা বালিশ ও পর্দা কেনার দায়িত্বে ছিল, তারা মনে করে এটা বেশি কিছু না। কারণ গত ১০ বছরে তাদের সুইস ব্যাংকের অ্যাকাউন্টে সাড়ে ছয় হাজার কোটি টাকা রয়েছে।
তিনি বলেন, সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। দেশের উপর থেকে নিচ পর্যন্ত কোথাও দুর্নীতি বাকি নেই। ফলে সমাজে পচন লেগেছে। আজকে এই যে দুর্নীতির প্রকারভেদ দেখছি, সেটা হয়েছে দেশে গণতন্ত্রের অভাবে। যদি সরকার জনগণ দ্বারা নির্বাচিত হতো, তাহলে জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা থাকতো। যেহেতু দায়বদ্ধতা নেই, সেহেতু যে যা ইচ্ছা তাই করছে।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের অর্থনীতি টিকে আছে তৈরি পোশাক ও জনশক্তি রফতানির ওপর। এই দুইটারই প্রবর্তক ছিলেন জিয়াউর রহমান। তিনিই বাংলাদেশি জাতি গঠনে ইস্পাত কঠিন গণঐক্য গঠন করেছিলেন।
‘বাকশালের সময় দেশে যেই শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল, এখনও দেশে সেই অবস্থা বিরাজমান। অতএব আমাদেরকেই এই পরিস্থিতি থেকে দেশের জনগণকে রক্ষা করে গণতন্ত্রকে পুনউদ্ধার করতে হবে।’
তিনি বলেন, আজকে প্রত্যেকটি ক্ষেত্রে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন ও আইনি লড়াইয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। খালেদা জিয়া মুক্তি না পেলে গণতন্ত্র মুক্তি পাবে না। কারণ তিনি গণতন্ত্রের মা। তার মুক্তি হলেই জনগণের, গণতন্ত্রের ও অর্থনীতির মুক্তি মিলবে।
সানবিডি/ঢাকা/এসআই/এসএস