পাকিস্তানের মানবাধিকার কর্মী গুলালাই ইসমাইল। পাকিস্তানে তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন। এই কারণে তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল।
এদিকে, এত কিছুর মাঝেও দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রে পালাতে বাধ্য হলেন গুলালাই ইসমাইল। প্রায় দুই মাস ধরে তিনি বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার পর দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিলেন।
সম্প্রতি এক বিবৃতিতে ওই মানবাধিকার কর্মী বলেন, গত দুই মাস ছিল অত্যন্ত ভয়াবহ সময়। আমাকে বহুবার হুমকি দেয়া হয়েছে, হেনস্তা করা হয়েছে। তবে আমি সৌভাগ্যবান যে, এখনো বেঁচে আছি।
তবে কীভাবে তিনি পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন সে বিষয়ে কিছুই বলেননি।
গুলালাই নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন যে, তিনি সরাসরি পাকিস্তান থেকে বিমানে করে যুক্তরাষ্ট্রে যাননি।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৩২ বছর বয়সি এই মানবাধিকার কর্মী বর্তমানে নিউইয়র্কে তার বোনের সঙ্গে আছেন। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
বহু বছর ধরেই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন গুলালাই ইসমাইল। বিশেষ করে নারী ও শিশুদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তিনি বেশি কথা বলেছেন। এছাড়া পাকিস্তান আর্মির বিরুদ্ধেও বিভিন্ন সময়ে সমালোচনা করেছেন তিনি।
২০১৪ সালে তিনি একশ নারীকে নিয়ে একটি টিম গঠন করেন। তারা বাড়িতে নারীদের প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ের বিরুদ্ধে কাজ শুরু করে।
এদিকে, বিভিন্ন ধরণের সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি বেশ কিছু সম্মাননা পেয়েছেন।
সানবিডি/ঢাকা/এসএস