বাংলাদেশ কানাডার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক জাতিসংঘ সদর দপ্তরে গতকাল (২৫-০৯-২০১৯) অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে একটি ব্যবসায়ি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এফবিসিসিআই থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো: শাহরিয়ার আলম বৈঠকে উপস্থিত ছিলেন। বেঠককালে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন এবং সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে কানাডার ব্যবসায়িদেরকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান।
আলোচনায় এফবিসিসিআই সভাপতি বাংলাদেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অন্টারিও ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন এডুকেশন (ওআইএসই) এবং বিহেভিয়ারাল ইকনোমিকস ইন একশন রোটম্যান (বিইএআর), টরেন্টোর ইন্টারন্যাশনাল ট্রেইনিং এন্ড ডেভলপমেন্ট সেনেকা কলেজ এবং এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এফবিসিসিআই ইনস্টিটিউটের মধ্যে সহযোগীতার বিষয়ে আলোকপাত করেন।
ব্যবসায়ী প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি জনাব মো: মুনতাকিম আশরাফ, সহ-সভাপতি মিসেস হাসিনা নেওয়াজ এবং জনাব মো: সিদ্দিকুর রহমানও বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এফবিসিসিআই নেতৃবৃন্দ জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের সঙ্গেও বৈঠক করছেন।
সানবিডি/ঢাকা/এবিএস