উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে আগামী নির্বাচনে পুনরায় নগরবাসীর সমর্থন কামনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম কমিউনিটি সেন্টার কাম মার্কেটের উদ্বোধন উপলক্ষে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি মেয়র বলেন, আমরা কর্তব্যে অবহেলা করিনি। মায়ের মতো এই শহরকে ভালোবেসেছি। জীবন দিয়ে কথা রাখার চেষ্টা করেছি; কতটুকু করতে পেরেছি সেটা মূল্যায়নের দায়িত্ব আপনাদের।
নবগঠিত কামরাঙ্গীরচরের তিনটি ওয়ার্ডের উন্নয়নের প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, রাজধানী ঢাকা এখন উন্নয়নের স্রোতধারায় বদলে যাওয়া নতুন নগরী।
কামরাঙ্গীরচরের ৩টি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, আগামীতেও ঢাকাবাসীর ভোটে নির্বাচিত হলে কামরাঙ্গীরচরকে আরও উন্নত করা হবে।
কামরাঙ্গীরচরবাসীর দাবি অনুযায়ী ৫টি ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ অন্যান্য সব উন্নয়ন কাজ করা হবে। এই এলাকাকে বসবাস উপযোগী করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।
ডিএসসিসির ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বক্তৃতা করেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আবুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক হাজী মো. সোলায়মান, ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী নূরে আলম, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সাইদুল ইসলাম মাতবর প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস