আসাদুজ্জামান খান কামালের সঙ্গে রাতে বৈঠকে বসবেন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘটে থাকা বাস, ট্রাক ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা। আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
শরীফ মাহমুদ জানান, ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় রাত ৯টায় পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
যদিও পরিবর্তিত সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারায় আপত্তি জানিয়ে গতকাল মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রমিক ও মালিকদের একটি বৈঠক হয়। কিন্তু কোনো সমাধান ছাড়া সেটি শেষ হয়। তাই আজ রাতে দ্বিতীয় দফায় দেশের বিভিন্ন এলাকার নেতৃস্থানীয় শ্রমিক ও মালিকদের ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে গতকাল মঙ্গলবার নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারার আপত্তি জানিয়ে তা সংশোধনের দাবিতে ধর্মঘটের ডাক দেন ট্রাক ও পণ্য পরিবহন শ্রমিকরা। ঘোষণার পর থেকে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখা হয়। আজ রাজধানীর বেশকিছু এলাকায় যান চলাচলেও বাধা দেওয়া হয়। পরিবহন মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন বিভিন্ন রুটে।