হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর শপিং ব্যাগ থেকে ৩ কোটি টাকার ৬ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। আটক করা হয়েছে ওই যাত্রীকে।
বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ জব্দ করা হয়েছে। আটককৃত যাত্রীর নাম মো. মুরশেদ হোসেন।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টম হাউস জানায়, গোপন সংবাদ থাকায় কাতার এয়ারওয়েজের (ফ্লাইট নম্বর কিউআর ৬৩৮) যাত্রী মো. মুরশেদ হোসেনের গ্রিন চ্যানেল অতিক্রমকালে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরবর্তীতে যাত্রীর বহনকৃত ক্রোকারিজ সম্বলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকায়িত স্বর্ণালঙ্কার শনাক্ত হয়। এরপর এয়ারপোর্টের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজ তল্লাশি করে ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। ওই যাত্রীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস