নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ওসির সাহসিকতায় আগুনে পুড়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে ৩ শিশু। সোমবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের মালেক বাজারে সোমবার রাত ২টার দিকে দু’টি মুদি ও মনোহারী দোকানে আগুন লাগে। ঘটনার সময় পুলিশের রাত্রীকালীন টহল পাহারা তদারকি করতে যাচ্ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান। এ সময় তিনি আগুন দেখে গাড়ি থেকে নেমে হ্যান্ড মাইক দিয়ে স্থানীয়দের ঘুম ভাঙানোর চেষ্টা করেন। তার ডাকে কয়েকজন ঘটনাস্থলে এলেও আগুন জ্বলতে থাকা দোকান দুটিতে গ্যাস সিলিন্ডার থাকায় কেউ সাহস করে কাছে ভিড়ছিলেন না। এ সময় দোকানে নুর আলম (৪), শুভ (৮) ইসমাইল (১৪) নামে তিন শিশু ঘুমিয়ে আছে জানতে পেরে ওসি আরিফুর রহামান পুলিশ সদস্যদের সহায়তায় নিজে তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। পরবর্তীতে আরও লোকজন এগিয়ে এসে পানি ছিটিয়ে আগুন নেভান।
এই বিষয়ে ওসি আরিফুর রহমান বলেন, আমি একজন মানুষ হিসেবে ৩ শিশুকে উদ্ধার করেছি। যদিও এই কাজে ঝুঁকি ছিল। কিন্তু এটা আমার দায়িত্ব ও কর্তব্যও ছিল। আমি সেই দায়িত্বই পালন করেছি।
সানবিডি/ঢাকা/এসএস