বাঙালির গৌরবময় মহান বিজয়ের ৪৮ বছর শেষ হয়ে ৪৯ বছরে পদার্পন করলো। মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৭.১৫ টায় রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শহীদদের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
শ্রদ্ধা নিবেদনকালে বিউগলে বাজানো হয় জাতীয় সংগীত। এসময় ডিএমপি’র একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে বীর শহীদদের সম্মান জানান।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকায় প্রথম গণহত্যা শুরু করে৷ ওই রাতে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সর্বপ্রথম ‘থ্রি নট থ্রি’ রাইফেল দিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন অকুতোভয় বীর পুলিশ সদস্যগণ। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের গর্বিত অংশীদার। বাংলাদেশ পুলিশসহ সমগ্র বাঙালি জাতি এ বীরদের চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।