একদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম।
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর পূর্ণদিবস বন্ধ রাখা হয়েছিল এই স্থলবন্দর।
হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারফ হোসেন প্রতাপ মল্লিক জানান, বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল থেকে সরকারি ছুটি থাকায় দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিল। একদিন বন্ধের পর মঙ্গলবার সকাল থেকে যথারীতি নিয়মে বন্দরের সকল প্রকার কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বন্দরে ভারতীয় এবং বাংলাদেশী ট্রাকগুলো যথানিয়মে চলাচল করছে।
হিলি ইমিগ্রেশন পুলিশ অফিসার ইনচার্জ রফিকুজ্জামান জানান,গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধার্রী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল এবং আজকেও স্বাভাবিক রয়েছে।