অর্থনীতিবিদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি কাজী খলীকুজ্জমান বলেছেন, ‘বিদেশে অদক্ষ শ্রমিক পাঠানো উচিত নয়। উন্নত দেশে গৃহকর্মীদের অনেক কষ্ট করতে হয়। অতটুকু কষ্ট দেশে করলেও এই টাকা আয় করা সম্ভব।’
বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের অভিবাসী শ্রমিক: আইন ও বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খলীকুজ্জমান বলেন, ‘দেশ থেকে কোনও নারী গৃহকর্মী বিদেশ যাবে না। নারী শ্রমিকদের বিদেশে পাঠাতে হলে প্রশিক্ষণ দিয়ে দক্ষ বানিয়ে পাঠাতে হবে। তাহলে তারা যেখানেই যাক মর্যাদা পাবে। অদক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানো হয় বলেই তারা নির্যাতনের শিকার হন। অদক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানো কখনোই উচিত নয়।’
তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে কারা, কীভাবে, কাদের মাধ্যমে বিদেশে যাচ্ছে সেটা লক্ষ্য রাখতে হবে। সরকারের নজর দেওয়া উচিত দালাল নির্মূলে। দালাল চক্রের মাধ্যমে যারা নারী গৃহকর্মী হিসেবে যাচ্ছে, তারাই নির্যাতনের শিকার হচ্ছে।’
কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সংসদ সদস্য শিরীন আখতার বলেন, ‘নারী সংক্রান্ত বিষয়ে আইনের কিছু ফাঁক-ফোকর আছে, সেগুলো ঠিক করতে হবে। আইন থাকলেও আইনের সঠিক বাস্তবায়ন এবং সচেতনতার ব্যাপক প্রয়োজন। অতি দ্রুত যে এলাকার শ্রমিকেরা বিদেশে আছে, তাদের আলাদা আইডি কার্ড করে কিছু সুবিধা দিতে হবে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী (অ্যাটর্নি) ড. উত্তম কুমার দাস, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ সাইফুল হক, কর্মজীবী নারীর পরিচালক রাহেলা রব্বানী, নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস