চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে মধ্যপ্রাচ্য থেকে আসা তিনটি পৃথক ফ্লাইটের যাত্রীদের লাগেজ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪১৫ ফ্লাইটে আসেন ফটিকছড়ির হাফিজ মোহাম্মদ হাসান। তার লাগেজ তল্লাশি করে উদ্ধার করা হয় ১৭৪ কার্টন ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট। এরপর এক যাত্রীর ফেলে যাওয়া পরিত্যক্ত একটি লাগেজ থেকে উদ্ধার করা হয় একই ব্র্যান্ডের ১৩৬ কার্টন সিগারেট। এ ছাড়া শারজাহ থেকে আসা ফ্লাইটের পরিত্যক্ত একটি লাগেজ থেকে ৮০২ কার্টন সিগারেট জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, একজন যাত্রী সিগারেটসহ আটক হওয়ার পর অন্যরা লাগেজ রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সানবিডি/ঢাকা/এসএস