কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. রুবেল (২২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত যুবক ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন বলে জানিয়েছে র্যাব।
আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলা টেকনাফ সদরের বড় হাবির ছড়া নতুন মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১০ হাজার পিস ইয়াবা, ৩ রাউন্ড তাজা কার্তুজ, দুইটি খালি খোসা উদ্ধার করা হয়।
নিহত মাদক ব্যবসায়ী রুবেল টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া জুম্মা পাড়া এলাকার মো. সিদ্দিকের ছেলে।
র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ ভোর রাতে ওই এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচারের গোপন সংবাদে র্যাব-১৫, সিপিসি-১ এর একটি বিশেষ টহল দল সেখানে যায়। এ সময় মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবেরও পাল্টা গুলি চালায়।
বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ৪/৫ জন মাদক কারবারি গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি কালে ইয়াবা ও অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নিহত মাদক ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
উল্লেখ্য,গত ১ ডিসেম্বর হ্নীলা জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে দুই লাখ পিস ইয়াবাসহ মিয়ানমার মংডু মাংগালাপাড়ার আবুল কালামকে আটক করা হয়েছিল। এই ইয়াবার মালিক রুবেল। সেই মামলায় তাকে পলাতক আসামিও করা হয়েছিল। এ ছাড়া সে রোহিঙ্গা অস্ত্রধারী গ্রুপের একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।
সানবিডি/ঢাকা/এসএস