রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক নেতারা বৈঠক করে আজ রোববার থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন। শুক্রবার সন্ধ্যায় আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন জুট মিল মজদুর ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক থেকে এ সিদ্ধান্ত হয়। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইস্টার্ন জুট মিল মজদুর ইউনিয়নের সভাপতি মো. আলাউদ্দিন। বক্তৃতা করেন- সাহানা শারমিন, হুমায়ুন কবির, বিল্লাল মল্লিক, আব্দুল মান্নান, সোহরাব হোসেন, মুরাদ হোসেন, কওসার আলী, খলিলুর রহমান, সেলিম, ইব্রাহিম, দ্বীন মোহাম্মদ, সাইফুল ইসলাম লিটু, আবু হানিফ, হারুন অর রশিদ মল্লিক প্রমুখ।
বৈঠক সূত্রে জানা যায়,ঢাকায় শ্রম মন্ত্রণালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠক থেকে পাটকল শ্রমিকদের ১১ দফা দাবির ব্যাপারে আরো ১ মাসের সময় চাওয়ায় শ্রমিক নেতারা ক্ষুব্ধ হয়েছেন। বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে বার বার সময় নিয়ে প্রতিবারই তা মানা হচ্ছে না। এভাবে আর কোনো প্রতিশ্রুতির দিকে তাকাতে চায় না শ্রমিকরা।
এ জন্য আজ রোববার থেকে খুলনা-যশোর অঞ্চলের ৯টিসহ দেশের ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলের গেটে আমরণ অনশন কর্মসূচি শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন কর্মসূচি চলবে বলেও বক্তারা উল্লেখ করেন। এদিকে, রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ১১ দফা দাবি না মেনে টালবাহানা করায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট মো. বাবুল হাওলাদার, মহানগর নেতা মিজানুর রহমান বাবু, নিতাই পাল, তরুণ সরকার, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, গৌরাঙ্গ সমাদ্দার, ছাত্র ইউনিয়ন নেতা সৌরভ সমাদ্দার, কৃষ্ণেন্দু বাছাড় প্রমুখ।