ঘুম থেকে জেগেই মাকে দেখতে না পেয়ে কান্না শুরু করেছে ছোট্ট শিশু। তার প্রবল কান্না থামতেই চায় না। ক্ষুধার তীব্র যন্ত্রণায় দুধের জন্য কেঁদে হয়রান হচ্ছে সে। তাকে সামলানো রীতিমতো দুরূহ হয়ে পড়ছে।
সম্প্রতি ভারতের আইনসভায় বিতর্কিত নাগরিকত্ব আইন পাশ হয়। জানা গেছে,এই বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় শিশুটির বাবা-মাকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ। গত ১০ দিন ধরে জেলে আছে শিশুটির বাবা-মা।
বাবা-মা থেকে বিচ্ছিন্ন শিশুটির ক্রমশ মানসিক সমস্যাও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের বারাণসীর বেনিয়া বাগে গত ১৯ ডিসেম্বর সিএএ বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন শিশুটির বাবা রবি শঙ্কর এবং মা একতা।
ওই দিনই তাদের গ্রেফতার করা হয়। স্থানীয় একটি আদালত তাদের জামিনের আবেদন গত ২৩ ডিসেম্বর খারিজ করে দিয়েছে।
শিশুটির দাদি ঠাকুরমা শীলা তিওয়ারি জানান, টানা দশ দিন ধরে মা-বাবাকে ছাড়াই রয়েছে তার নাতনি। যত দিন যাচ্ছে, ১৪ মাসের নাতনিকে সামলানো তত কঠিন হয়ে পড়ছে।
তিনি জানান, বাবা-মাকে গ্রেফতার করা পর থেকে শিশুটি ঠিক মতো ঘুমাতেও পারছে না। এখনও মায়ের দুধ খায়, দুধ না পেয়ে কেঁদে হয়রান হচ্ছে শিশুটি। তাই ঘুমোনোর সময় মাকে খোঁজে। অনেক কষ্টে ঘুম পারাতে পারলেও, ঘুমের মধ্যে জেগে উঠে একতা-কে খোঁজে। তখন সামলানো কঠিন হয়ে পড়ে।
‘আমরা বোঝানোর চেষ্টা করি মা কাজে গেছে, এখনই চলে আসবে। কিন্তু মিথ্যা বলে কত ভুলিয়ে রাখা যায়’।
এদিকে বাবা-মায়ের অনুপস্থিতি শিশুটর মনেও প্রভাব ফেলেছে বলে মনে করছেন শিশু মনস্তত্ত্ববিদরা। তারা জানিয়েছেন, যে কোনো শিশুর অবলম্বন তার বাবা-মা। তাদের সঙ্গে যদি দীর্ঘ সময় দূরত্ব তৈরি হয়, তা হলে শিশুরা অ্যাকিউট ইমোশনাল ট্রমায় আক্রান্ত হতে পারে। শিশুটির মানসিক অবস্থাও সে দিকে যেতে পারে।’
জানা গেছে, আগামীকাল ১ জানুয়ারি আদালতে রবি শঙ্কর-একতার জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা।