দিনাজপুরের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে এক খাবার হোটেল ব্যবসায়ী, এক মুদি দোকানি ও দুই ওষুধের দোকানসহ পাঁচ ব্যবসায়ীকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পৌর শহরের টিটির মোড় নামক এলাকায় এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের সহকারী পরিচালক মমতাজ বেগম।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার অভিযোগে আশা হোটেলের স্বত্বাধিকারী মোহাম্মদ আলীর পাঁচ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে অর্পিতা ফার্মেসির স্বত্বাধিকারী খোকন মহন্তের ২০ হাজার টাকা ও একই অভিযোগে নুর ফার্মেসির স্বত্বাধিকারী নুর আলমের তিন হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ভোজ্য তেল রাখার অভিযোগে এসকে ব্রাদাস এর স্বত্বাধিকারী কামরুজ্জামানের পাঁচ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স প্রসাধনী রাখার অভিযোগে সুমন স্টোর এর সত্বাধিকারী সুমনের কাছে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের কম্পিউটার অপারেটর এরশাদ আলী, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জগদীশ চন্দ্র মহন্ত ।
সানবিডি/ঢাকা/এসএস