বর্তমানে মুসলিম বিশ্ব নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমরা অন্যের হয়ে নিজেদের মধ্যেই যুদ্ধ করি। এটা ঠিক নয়। ইসলামী সহযোগিতা সংস্থাকে (ওআইসি) এখন বেশ দুর্বল হয়ে পড়েছে। আমরা এটাকে আরও শক্তিশালী কিভাবে করতে পারি, সেটা নিয়েই আলোচনা করছি।
বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওআইসি সংস্কার নিয়ে এক অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ড. মোমেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী সহযোগিতা সংস্থাকে (ওআইসি) শক্তিশালী করতে চাই। এ সংস্থা যেন বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে আরও বেশি ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আমরা কাজ করছি।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ওআইসির নেতারা।
ঢাকায় বুধবার ওআইসি সংস্কার নিয়ে এ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ অধিবেশন শেষ হবে। এতে ওআইসি দেশগুলোর প্রতিনিধিরা যোগ দিয়েছেন।