কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের মিরপুরে উপজেলার তালবাড়িয়ার ঘোড়ামারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের রুকমান হোসেনের (মেকা) ছেলে। স্থানীয় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই মানবেন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তরিকুল তার কারখানার পাউরুটির ভ্যান নিয়ে সাপ্লাইয়ের জন্য যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছেন।
সানবিডি/ঢাকা/এসএস