চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সঙ্গে রবিবার মতবিনিময় করেছে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) একটি প্রতিনিধি দল। চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চেম্বার কার্যালয়ে প্রতিনিধি দলটি বৈঠকে মিলিত হয়। এ সময় উভয় পক্ষ বাংলাদেশে বিদ্যমান জাপানী বিনিয়োগ, ভবিষ্যতে বিনিয়োগ আরও বৃদ্ধি এবং আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
চট্টগ্রাম চেম্বার সূত্রে জানানো হয়, জাপানের বাজারে বাংলাদেশী বিভিন্ন পণ্য বিশেষ করে আরএমজি রফতানি বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন চেম্বার নেতৃবৃন্দ এবং জেট্রো প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় জেট্রোকে চট্টগ্রাম চেম্বারের বাস্তবায়নাধীন বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স সম্পর্কে অবহিত করা হয়। প্রতিনিধি দল এক্ষেত্রে বিশেষ করে দক্ষ নির্বাহী তৈরিতে সহযোগিতা করার কথা জানান। মতবিনিময় শেষে প্রতিনিধি দল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পার্মানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন। মতবিনিময় সভায় চেম্বার পরিচালকমন্ডলীর সদস্য সৈয়দ জামাল আহমেদ, এসএম আবু তৈয়ব, অঞ্জন শেখর দাশ, সৈয়দ মোহাম্মদ তানভীর ও সাবেক পরিচালক হাবিব মহিউদ্দিন, জেট্রো ঢাকার রিপ্রেজেন্টেটিভ কাজুনরি ইয়ামাদা, ডাইরেক্টর শেখ মোঃ শরিফুল আলম, ম্যানেজিং পার্টনার ওমর এইচ খান, এ. ওহাব এ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার নুরুল ওহাব ও পার্টনার কাজী মাহবুব, চট্টগ্রাম এওটিএস এ্যালামনাই এ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মোঃ ফিরোজ শাহ উপস্থিত ছিলেন।