পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের কারখানা বন্ধের মেয়াদ বেড়েছে। কোম্পানির কারখানা বন্ধের মেয়াদ আগামী ১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এর আগে গত ২২ জানুয়ারি হাইকোর্টের আদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোম্পানির বিভিন্ন ব্যাংকের সকল অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে। যার কারণে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।
বাংলাদেশ ব্যাংক কোম্পানিটির সব ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে গত ২৪ ফেব্রুয়ারি কোম্পানিটি উচ্চ আদালতে রিট পিটিশন ফাইল জমা দিয়েছিল। গতকাল ২৫ ফেব্রুয়ারি উচ্চ আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল।
কিন্তু আদালত কোম্পানিকে আরও অতিরিক্ত কাগজপত্র জমা দিতে বলেছে এবং কোম্পানিটি সে অনুযায়ী সবকিছু জমা দিয়েছে। কোম্পানিটি আশা করছে আগামী ১ মার্চ রিট পিটিশনের শুনানি হবে।
এমতাবস্থায় কোম্পানির পরিচালনা পর্ষদ আগামী ১ মার্চ পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ কোম্পানিটির ব্যাংক হিসাব ফ্রিজ রাখার কারণে কোম্পানিটি কোনো বেতন পরিশোধ করতে পারছে না।
সানবিডি/এসকেএস