বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইন্টিগ্রেটিং বিমসটেক-২০২০-এ যোগদান করতে ভারতের উদ্দেশে গতকাল দুপুরে ঢাকা ত্যাগ করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৬ থেকে ২৭ ফেব্রুয়ারি ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মুম্বাইয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘ইন্টিগ্রেটিং বিমসটেক-২০২০’ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য টিপু মুনশিকে আমন্ত্রণ জানানো হয়। আজ উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সুসংহতকরণের প্রচেষ্টায় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) বিগত দুই দশকের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। অবাধ বাণিজ্য চুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে শিল্প ও বাণিজ্য সুবিধা বৃদ্ধি এবং অঞ্চলভিত্তিক ভৌত ও ডিজিটাল সংযোগ স্থাপনের ক্ষেত্রে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ব্যবসা-বাণিজ্য আকর্ষণীয় করতে ইন্টিগ্রেটিং বিমসটেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।