মোংলা বন্দরে চীন থেকে আসা ‘পলেস্টার ফেব্রিক্স’র (কাপড়) দুটি কন্টেইনার খালি পাওয়া গেছে। আমদানিকারক গাজীপুরের মেসার্স জিম এন্ড জেসি কোম্পোজিট লিমিটেড এ অভিযোগ করেছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডায়রি (নং-১০৫৮) হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়ের করা জিডিতে বলা হয়েছে, মংলা বন্দরে তার ২টি কন্টেইনারে মালামাল এসেছে। সিল করা কন্টেইনার দুটির একটি খোলার পর তাতে কোন মালামাল পাওয়া যায়নি। বিষয়টি থানায় নথিভুক্ত করা হয়েছে।
আমদানিকারক মেসার্স জিম এন্ড জেসি কোম্পোজিট লিমিটেড এর সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার শাহিন রেজা মিজান জানান, ওই চালানে চীন থেকে আমদানিকৃত ৫৬ হাজার ৫৬০ কেজি পলেস্টার ফেব্রিক্স কাপড় থাকার কথা। যা’ দিয়ে গার্মেন্টস পণ্য তৈরি হয়। কিন্তু একটি কন্টেইনার খোলার পর কোন মালামাল পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে লিখিত দেওয়া হয়েছে। অপর কন্টেইনারটি সিল করা অবস্থাতেই রয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চীন থেকে আমদানিকৃত মালামাল খালাশের জন্য বন্দরে থাকা দু’টি কন্টেইনার (এমএসকেইউ-৯০৬৮০৯৬-৪০ ও এমএসকেইউ-৬০৪৭১৭০-৪০)’র কায়িক পরীক্ষণের জন্য গত ১৩ ফেব্রুয়ারি কাস্টমস বরাবর আবেদন করা হয়। এরপর ১৬ ফেব্রুয়ারি কাস্টমস কর্মকর্তা ও বন্দর কর্মকর্তাদের উপস্থিতিতে এমএসকেইউ-৬০৪৭১৭০-৪০ কন্টেইনারটি সিলগালা খুলে দেখা হয়। কিন্তু কন্টেইনারটি পুরোপুরি খালি পাওয়া যায়। এ সময় উপস্থিত সকলেই বিষয়টি দেখে হতবাক হন। এ অবস্থার কারণে অপর কন্টেইনারটি খোলা হয়নি। কিন্তু পণ্য চালানের ওজন নিশ্চিত হওয়ার জন্য কন্টেইনারটি পরিমাপ করা হয়। তাতে নিট ওজন ‘শূন্য’ পাওয়া যায়।
সানবিডি/ঢাকা/এসএস