মুম্বাইসহ ভারতের মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় নিসর্গ। উপকূলের দিকে ধেয়ে আসার সময় ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
দেশটির মহারাষ্ট্র রাজ্যের আলিবাগ উপকূল দিয়ে নিসর্গ স্থলভাগে আঘাত হানবে বলে পূর্বাভাস দিয়েছে তারা। এ সময় ঘণ্টায় একটানা ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে, যা ঝড়ো ও দমকা হওয়া আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় মহারাষ্ট্র ও গুজরাটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্য দুটির উপকূলীয় এলাকাগুলো থেকে এক লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মুম্বাই শহরের উপকূলীয় এলাকাগুলো থেকে কয়েক হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে অস্থায়ীভাবে নির্মিত একটি কোভিড-১৯ হাসপাতালের দেড়শজন রোগীও রয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের পর দুই সপ্তাহ না পেরোতেই গত শনিবার দক্ষিণ-পূর্ব আরব সাগরে লাক্ষাদ্বীপের কাছাকাছি একটি নিম্নচাপের সৃষ্টি হয়৷ পরে তা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে নাম দেওয়া হয় নিসর্গ।
আবহাওয়া অফিসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে মুম্বাইসহ মহারাষ্ট্র উপকূলজুড়ে জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে। গত একশ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম মুম্বাই একটি ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে। মুম্বাইয়ের পাশাপাশি থানে, পলঘর ও রাইগাডেও রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
সানবিডি/ঢাকা/এসএস