চট্টগ্রামে ওষুধের সবচেয়ে বড় পাইকারি বাজার হাজারী গলিতে অভিযান চালিয়ে বেশি দামে ওষুধ বিক্রিসহ একাধিক অপরাধে ২৯টি ফার্মেসিকে ১০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (৭ জুন) দুপুরে তিন ঘণ্টার এ অভিযানে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এতে নেতৃত্ব দেন। অভিযানে ওষুধ প্রশাসন, র্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এবং এসএম আলমগীরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বেশি দামে ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ১৪টি ফার্মেসিকে ৭ লাখ টাকা জরিমানা করেন।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নকল পিপিই-মাস্ক বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, বেশি দামে ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধের দায়ে ১০টি ফার্মেসিকে ৩ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওষুধ কেনাবেচার রশিদ সংরক্ষণ না করা, বেশি দামে ওষুধ বিক্রিসহ কয়েকটি অপরাধের দায়ে ৫টি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান বলেন, চট্টগ্রামে ওষুধের কোনো সংকট নেই। এরপরেও কিছু ফার্মেসিতে কৌশলে ওষুধের দাম বেশি রাখা হচ্ছে। মনিটরিং ও আইনগত ব্যবস্থা নিয়ে সব এলাকায় ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হবে ।
সানবিডি/ঢাকা/এসএস