ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে আগামী ১৫ দিনের জন্য পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে লকডাউন শুরু হয়েছে, চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান জানান, লকডাউন অবস্থায় আগামী ১৫ দিন শুধুমাত্র ওষুধসহ জরুরি বিষয় ছাড়া সব দোকান বন্ধ থাকবে। সড়কেও লোক চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
তিনি আরও বলেন, অকারণে কাউকে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে না। আইন মানাতে বাধ্য করতে প্রস্তুত থাকবে একাধিক ভ্রাম্যমাণ আদালত।
ভাঙ্গা উপজেলার করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার থেকে বাজার ও দোকানপাট খোলার সময় পরিবর্তন করা হয়।
বৃহস্পতিবার থেকে ভাঙ্গার দোকানপাট খোলার সময়সূচি পরিবর্তন করে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়। এতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় উপজেলাকে পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, সোমবার পর্যন্ত ফরিদপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯৭ জন। আর প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১৩ জন।
সানবিডি/ঢাকা/এসএস