দিন দিন বেড়ে চলছে করোনার রোগী ও মৃত্যুর সংখ্যা। চাঁদপুর ২৫০ শয্যা সদর হাসপাতালের আইসোলেশনে ইউনিটে বুধবার রাত হতে বৃহস্পতিবার সকাল পযর্ন্ত ভর্তির কয়েক ঘন্টার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ৩ জনের একজন সদর উপজেলার বাবুরহাট, এক জন হাজীগঞ্জ উপজেলার ও অপরজন লক্ষিপুর জেলার রায়পুরে বাসিন্দা।
এদিকে, সদর উপজেলার বাবুরহাট এলাকার লাভলী আক্তার (৩০) রাত ১১টায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার পর রাত ১২টায় মৃত্যু বরণ করেন। হাজীগঞ্জের সুশিল সাহা (৬০) রাত ৮টায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি পর রাত সাড়ে ৯টায় তার মৃত্যু বরণ করেন। পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৬০) জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় তিনি আইসোলেশন ইউনিটে মারা যান।
অপরদিকে, গত ২৪ ঘন্টায় চাঁদপুরে আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত ২ জন। নতুন শনাক্তসহ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫শ’ ছাড়ালো। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০৮।
আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১জনে। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সানবিডি/ঢাকা/এসএস