কয়েক সেকেন্ড স্থায়ী টর্নডোর আঘাতে অন্তত ১৫টি বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত সাহেদা বেগম জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে একটি ঘূর্ণিপাক এসে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়। ঝড়ের সময় আমি আমার মেয়ে ও নাতিনসহ ঘরে অবস্থান করছিলাম।
ক্ষতিগ্রস্ত কাজী মমিনুল ও হারুন মিয়া জানান, কিছু বুঝে ওঠার আগেই দেখি ঘর টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায়। টিনের চালা নিয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের খালে গিয়ে পড়েছে। এখন আমরা খোলা আকাশের নিচে।
বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আলম ভূইয়া মুবাশ্বের জানান, ঝড়ে তার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাড়িঘরের টিনের চালাসহ সব কিছু উড়িয়ে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনায় সবাই হত-বিহবল হয়ে পড়ে। ঝড়ে অন্তত ১৫টি বাড়িঘর বিধ্বস্ত হয়। তবে এতে কেউ হতাহত হননি। তিনি ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ব্যক্তিগতভাবে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা করেন এবং পরে তিনি প্রশাসনের কর্মকর্তাদের খবর দেন বলেও জানান।
ব্রাহ্মণউপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া জানান, ঝড়ের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ছয় হাজার টাকা এবং দুই বান্ডিল করে ঢেউটিন প্রদান করেন।
সানবিডি/ঢাকা/এসএস