নভেল করোনাভাইরাস মোকাবিলায় জরুরি চিকিৎসাসামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী (হেলথ অ্যান্ড চাইল্ড কেয়ার মিনিস্টার) ওবাদিয়াহ মোয়োকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় দেশটির দুর্নীতি দমন কমিশনের (জেডএসিসি) মুখপাত্র জন মাকামুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাকামুরের বরাত দিয়ে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) আফ্রিকা আঞ্চলিক ভার্সনের খবরে বলা হয়েছে, গ্রেফতারের পর মোয়োকে হারারের রোডেসভাইল পুলিশ স্টেশনে রাখা হয়েছে। আজ শনিবার (২০ জুন) তাকে দেশটির আদালতে হাজির করা হবে।
প্রেসিডেন্ট এমারসন মানগাওয়ার আমলে মোয়ো হচ্ছেন দ্বিতীয় মন্ত্রী যাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হলো। এর আগে গেল বছর পর্যটন মন্ত্রী প্রিসকা মাপফুরিকাও গ্রেফতার করা হয়েছিল।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনা মোকাবেলায় প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম সরবরাহের জন্য ড্রাক্স ইন্টারন্যাশনাল নামের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে অবৈধভাবে ৬ কোটি ডলারের কাজ পাইয়ে দেন জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাডিয়া মোয়ো। এই দুর্নীতির খবর প্রকাশ হতেই গত সপ্তাহে ওই চুক্তি স্থগিত করেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানগাওয়া। এছাড়া ড্রাক্স ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্থানীয় প্রতিনিধিকেও গ্রেফতার করা হয়।
তবে সিজিটিএনের খবরে অর্থের পরিমাণ উল্লেখ না করেই বলা হয়েছে, ‘কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে ওই প্রতিষ্ঠানটি কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি নয়, এটি সাধারণ পরামর্শক প্রতিষ্ঠান জানার পরও চিকিৎসাসামগ্রী সরবরাহের টেন্ডার পাইয়ে দেন মোয়ো।
সানবিডি/ঢাকা/এসএস