দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় অর্থ্যাৎ একদিনে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৮০৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট ১ হাজার ৭৩৮ জনের মৃত্যু হলো। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে।
রোববার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
প্রতিদিনের মতো বুলেটিনে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১৮ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ৩ হাজার ৮০৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫ শতাংশ। যা গতকাল ছিল ২৩ দশমিক ১২ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ৪৩ জনের মধ্যে ৩১ জন পুরুষ জন ও ১৪ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।
এছাড়া ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৯ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেয়া ৫৫ হাজার ৭২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লক্ষ ৩৭ হাজার ৭৮৭ জনে। মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৭৩৮ জনের। দেশে মোট সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন।
সানবিডি/এসকেএস